‘রিকগনিশন ফর অ্যাক্সেসিবল ইনিশিয়েটিভস’ অ্যাওয়ার্ড পেল ইবিএল স্কাইব্যাংকিং
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৪ মে, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি’র (ইবিএল) ফ্ল্যাগশিপ মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘ইবিএল স্কাইব্যাংকিং’ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহজপ্রাপ্য ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলায় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ “রিকগনিশন ফর অ্যাক্সেসিবল ইনিশিয়েটিভস” পুরস্কার অর্জন করেছে। উল্লেখ্য, ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে একমাত্র ইবিএল স্কাইব্যাংকিং এ স্বীকৃতি লাভ করেছে।
গত ২১ মে ঢাকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) অডিটোরিয়ামে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে (এঅঅউ) ২০২৬ উপলক্ষে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যৌথভাবে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।
দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল গ্রাহকের জন্য নিরাপদ, সহজ ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইবিএল স্কাইব্যাংকিং-কে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ইবিএল অ্যাপটিতে স্ক্রিন রিডার কম্প্যাটিবিলিটি, ভয়েস-অ্যাসিস্টেড নেভিগেশন, বায়োমেট্রিক লগইন এবং তাৎক্ষণিক ট্রানজ্যাকশন অ্যালার্টসহ বিভিন্ন অ্যাক্সেসিবিলিটি সুবিধা যুক্ত করা হয়েছে, যা গ্রাহকের জন্য নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করছে।
অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবায় সমান সুযোগ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন “এটি দয়া নয়, এটি তাদের অধিকার”।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সবার জন্য ডিজিটাল অ্যাক্সেস নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগে সরকার সবসময় সহযোগিতা করবে।
প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সেবার মাধ্যমে ইবিএল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, ক্যাশলেস লেনদেন উৎসাহিতকরণ এবং দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে ইবিএলের পক্ষে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ চৌধুরী, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস; সঞ্জিত দত্ত, হেড অব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি সল্যুশনস; এবং আমিন মো. মেহেদী হাসান, হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড এডিসিসহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের কো-অরগানাইজার ছিল যৌথভাবে ফ্রেন্ডশিপ ও সাইটসেভার্স এবং এতে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।