কানাডিয়ান ইউনিভার্সিটিতে রাশিয়া–চীন–বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে রাশিয়া–চীন–বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ইংরেজি বিভাগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান, যেখানে রাশিয়া, চীন ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। “ঐক্যে বৈচিত্র্য” প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল সংস্কৃতি, শিল্প ও জ্ঞানচর্চার মাধ্যমে আন্তর্জাতিক বন্ধন আরও সুদৃঢ় করা।

রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকা এবং গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ বৈশ্বিক সহযোগিতা ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত উপস্থিত ছিলেন। তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এ ধরনের উদ্যোগে তার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এইচ এম জাহিরুল হক অতিথিদের স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ইংরেজি বিভাগের প্রধান রেজিনা সুলতানার মূল প্রবন্ধ উপস্থাপনা, যার শিরোনাম ছিল “দ্য রিভার, দ্য টাইগা অ্যান্ড দ্য ড্রাগন: স্ট্রাকচারাল প্যারালেলস ইন ফোকলোর”। তিনি রাশিয়া, চীন ও বাংলাদেশের লোককথার মধ্যে বিদ্যমান গভীর সাংস্কৃতিক সাদৃশ্য তুলে ধরেন।
পরবর্তীতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা “এ মিটিং অব মিথস” শিরোনামের একটি নাটক মঞ্চস্থ করেন, যেখানে সুন্দরবনের প্রেক্ষাপটে তিন দেশের লোককথার চরিত্রগুলোর এক রহস্যময় মিলনের চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেক্সান্দ্রা খলেভনয় এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে রাশিয়া–চীন কৌশলগত অংশীদারিত্বের ৩০ বছর পূর্তি উপলক্ষে “রেড সিল্ক” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পাঠকের মন্তব্য