টাইমস হায়ার এশিয়া র্যাঙ্কিংয়ে দেশের ২৮ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) ২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বাংলাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে। তালিকায় এশিয়ার ৩৬টি দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে এটি ১৪তম সংস্করণ।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এশিয়া অঞ্চলে সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জায়গা হয়নি। তালিকায় ৩০১-৩৫০ এর মধ্যে স্থান করে নিয়ে যৌথভাবে দেশসেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান করে নিয়েছে দেশের ২টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। শীর্ষ দশে এই দুটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৃতীয় ও চতুর্থ।
৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৫০১-৬০০ এর মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬০১-৮০০-এর মধ্যে অবস্থান করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর ৮০০+ এর মধ্যে অবস্থান করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
এ ছাড়াও তালিকায় রিপোর্টার হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এই তালিকায় এশিয়ার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। একই দেশের পিকিং বিশ্ববিদ্যালয় তালিকার দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়।