ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৫ এপ্রিল, ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটি দেশে প্রথমবারের মতো ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে স্বল্প খরচে মানসম্মত বিবিএ ও এমবিএ প্রোগ্রাম চালু করেছে। এ প্রেক্ষাপটে “বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স" শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার আজ (শনিবার) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি, ব্যাংকিং ও বীমা খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আয়োজিত এ সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী অর্থনীতিবিদ ও শরিয়াহ পরামর্শক মুফতি আবদুল্লাহ মাসুম, ফাউন্ডার ডিরেক্টর, আইএফএ কনসালটেন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. এ কে এম ইকবাল আজিম, ডিন, স্কুল অব বিজনেস, ইস্টার্ন ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল কাসেম হায়দার। অতিথি হিসেবে বক্তব্য দেন ড. (মুফতি) ইউসুফ সুলতান, ফাউন্ডার ও সিইও, এডিএল অ্যাডভাইজরি, মালয়েশিয়া এবং বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য।
সেমিনারে আরো বক্তব্য প্রদান করেন ড. কে. এম. জাকির হোসেন, সহকারী প্রোগ্রাম পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স; মোঃ হাবিবুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক; এবং ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।
সম্মানিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ইসলামিক ইকোনমি স্টাডিজ-এর ভাইস প্রিন্সিপাল মুফতি আহসানুল ইসলাম; মালিকুল মুল্ক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সাজ্জাদুর রহমান; জামি'আ মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুফতি আব্দুল মালেক; এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুফতি তাওহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স খাতের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই খাতের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা জোরদার এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন অপরিহার্য।
সেমিনারটি ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামী স্কলারদের মধ্যে জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।