কানাডিয়ান ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন সিএসই
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৪ সেপ্টেম্বর, ২০২৬
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) স্পোর্টস ক্লাবের আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘সিইউবি ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল লিগ ২০২৬–সিজন ১’। জমজমাট ফাইনাল, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হওয়া এই আয়োজন ক্যাম্পাসে ক্রীড়াসুলভ মনোভাব, দলীয় ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার এক অনন্য পরিবেশ তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং আইন বিভাগ। চরম উত্তেজনাপূর্ণ এই ফাইনালে আইন বিভাগকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিএসই বিভাগ। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে আইন বিভাগ।
টুর্নামেন্টজুড়ে চমৎকার ক্রীড়াসুলভ আচরণ ও ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ও জয় করে নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের শারাফত চৌধুরী মাল্টিপারপাস হলে টুর্নামেন্টের ট্রফি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চৌধুরী জাফরউল্লাহ শারাফত। তিনি বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। একই সাথে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, ব্যক্তিগত বিভিন্ন পুরস্কার এবং অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়দের স্বীকৃতি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, দলগত দক্ষতা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খেলাধুলার এই মঞ্চ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের একত্রিত করার পাশাপাশি নিজেদের প্রতিভা ও দলীয় সক্ষমতা প্রমাণের সুযোগ সৃষ্টি করেছে।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় চ্যাম্পিয়ন সিএসই বিভাগ, রানার্সআপ আইন বিভাগসহ অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।