কুমিল্লায় একরাতে ৬২৪ কিশোর গ্যাং সদস্য আটক
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৪ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এতে একরাতে ৬২৪ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতভর জেলার ১৮ থানা এবং ডিবি পুলিশের অভিযানে এসব কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়।
পুলিশ জানায়, সমাজজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে উঠতি বয়সের কিশোর-তরুণদের নানা অপরাধমূলক কর্মকাণ্ড। ছিনতাই, ইভটিজিং থেকে শুরু করে সহিংসতায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা রোদে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানায় একযোগে পরিচালনা করা হয়েছে বিশেষ অভিযান। এতে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কুমিল্লা নগরীর বিভিন্ন আড্ডা ও অপরাধপ্রবণ স্পটসহ জেলার প্রতিটি থানা এলাকার বখাটেদের উৎপাতস্থলে এ অভিযান চালানো হয়। এতে সরাসরি অংশ নেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভিযানে আটক ৬২৪ জনের অপরাধের পূর্ব রেকর্ড ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, এক রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। কিশোর ও তরুণরা যাতে কোনোভাবেই অপরাধের পথ বেছে নিতে না পারে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।