দেশে প্রথম ব্যাংক হিসেবে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করেছে ইবিএল
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৮ অক্টোবর, ২০২৫
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪ প্রকাশ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে পরিবেশ, সমাজ ও সুশাসন (ইএসজি) নিশ্চিতে ব্যাংকটির অঙ্গীকার হয়েছে। আন্তর্জাতিক মানদন্ড আইএফআরএস ১ এবং আইএফারএস ২ অনুসারে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ইবিএলের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এই প্রতিবেদন প্রকাশের মাধ্যমে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন,“ব্যাংকিং কার্যক্রমে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন ও গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) একাউন্টিং অন্তর্ভুক্ত করার উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪ এর প্রকাশ ইস্টার্ন ব্যাংকের অগ্রণী ভূমিকা প্রমান করে । আইএফারএস১ ও আইএফারএস২-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আগ্রহী।”
বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত শীর্ষ ১০ টেকসই ব্যাংক এর তালিকায় থাকা ইবিএল পরিবেশ ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা, সবুজ অর্থায়ন এবং জলবায়ু সহনশীলতাকে তাদের মূল ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। টেকসই উন্নয়নের লক্ষ্য এগিয়ে নিতে ব্যাংকটি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী যেমন আই আইএফসি, ডিইজি, এফএমও এবং ওইপিসি ফান্ড -এর সঙ্গে কাজ করছে ।
বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ইবিএল তাদের ঋণ পোর্টফোলিওতে পূর্ণাঙ্গ জলবায়ু ঝুঁকি মূল্যায়ন বাস্তবায়ন করেছে। এতে ফিজিক্যাল ও ট্রানজিশনাল ঝুঁকি যেমন বন্যা, ঘূর্ণিঝড়, তাপমাত্রা বৃদ্ধি ও নীতিগত পরিবর্তনের প্রভাব গ্রাহক ও ব্যাংকের ঋণ পোর্টফোলিওতে কী প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করা হয়েছে।
ইবিএল ইতোমধ্যে তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন হিসাব সম্পন্ন করেছে, যেখানে জিএইচজি ১, ২, এবং ৩ ইমিশনের এর আলোকে সব ধরণের নির্গমন অন্তর্ভুক্ত আছে। এমনকি ফিন্যান্সিয়্যাল বা ঋণ-সংশ্লিষ্ট নির্গমনও এতে অন্তর্ভুক্ত রয়েছে, যা তাদের কার্বন ফুটপ্রিন্টের সবচেয়ে বড় অংশ। এই পূর্ণাঙ্গ মূল্যায়ন ইবিএলকে ভবিষ্যতে খাতভিত্তিক কার্বন হ্রাসের পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে, যা বাংলাদেশের জাতীয় জলবায়ু লক্ষ্য ও প্যারিস এগ্রিমেন্ট -এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪ এখন ইবিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে ব্যাংকের ইএসজি পরিচালন কাঠামো, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া এবং টেকসই ভবিষ্যতের রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
ইবিএল, বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে, সাস্টেইনেবলিটি রিপোর্ট ২০২৪ উন্মোচন করেছে। আজ (২৮ অক্টোবর ২০২৫) ঢাকাস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিপোর্টটি প্রদর্শন করছেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলি রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, প্রধান আর্থিক কর্মকর্তা মাসুদুল হক সর্দার, রেগুলেটরি রিপোর্টিং বিভাগ প্রধান, মৌরী রেজওয়ানা, ভারপ্রাপ্ত প্রধান ঝুঁকি কর্মকর্তা মহদিয়ার রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান, নাফিস আহমেদ, এবং সিনিয়র পরিবেশগত ও সামাজিক ঝুঁকি বিশেষজ্ঞ তানভীর হাসান।