শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১ ফেব্রুয়ারী, ২০২৬
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের নির্বাহী কমিটিতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের ৪০৪তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে মো. সানাউল্লাহ শাহিদকে নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং খন্দকার শাকিব আহমেদকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। ১ ফেব্রুয়ারি ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে।
নতুন চেয়ারম্যান মো. সানাউল্লাহ শাহিদ একজন অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ১৯৬৩ সালে ঢাকায় জন্ম নেওয়া এই উদ্যোক্তা দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত। তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং এর আগে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মূলত স্যামসাং ব্র্যান্ডের পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেবে পরিচিত। এছাড়া ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স, কাশ্মীর কেমিক্যাল ও জলসঁড়ি ডেইরি ফার্মসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
নির্বাহী কমিটির নতুন ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদও একজন সফল উদ্যোক্তা এবং ব্যাংকের স্পন্সর পরিচালক। ১৯৭৫ সালে ঢাকায় জন্ম নেওয়া শাকিব আহমেদ ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি বর্তমানে ইনটেক লিমিটেড ও ওন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত তিন দশক ধরে ব্যবসার সাথে যুক্ত থাকার পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে বেশ সক্রিয়। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি ও আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য এবং বনানী রোটারি ক্লাবের একজন সম্মানিত সদস্য। নতুন এই নেতৃত্বের মাধ্যমে ব্যাংকটি তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।