আইসিএপিপি’র সভায় যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছে বিএনপি প্রতিনিধি দল
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৫ জুন, ২০২৬
ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বিএনপি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটে মঙ্গোলিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তারা।
বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ এবং আইসিএপিপি-এর স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ২৫ থেকে ২৮ জুন ২০২৬ পর্যন্ত মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর-এ অনুষ্ঠিতব্য এ সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।
এর আগে ২০০৪-২০০৫ সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬-২০০৯ সাল পর্যন্ত বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। এর লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা রাখা।