ভারতের ট্যুরিস্ট ভিসা ফের চালু হচ্ছে

বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করেন তিনি। এরপর ভারতীয় ভিসা সেন্টারে যান। সেখানে সংবাদ সম্মেলনে কথা বলেন। 

দীনেশ ত্রিবেদী বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব। ২৮ জুন থেকেই বাংলাদেশিরা আবার ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে। আশা করছি, ভিসা চালুর ফলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। 

পাঠকের মন্তব্য