রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হলো তিনদিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। “এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬” শীর্ষক পর্যটন মেলার ২১তম আসরটি আয়োজন করেছে শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর, টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারী এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা ।
এছাড়া মেলার পার্টনার হিসেবে রয়েছে ইউ-এস বাংলা এয়ারলাইন্স, মিউচাল ট্রাষ্ট ব্যাংক পিএলসি, শীর্ষস্থানীয় জিডিএস প্রতিষ্ঠান স্যাবর এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।
এম নাছের রহমান এমপি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক বাংলাদেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, মেডিকেল সার্ভিস প্রদানকারীসহ পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার।
মেলায় দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং, মেডিকেল ট্যুরিজম প্যাকেজসহ বিভিন্ন সেবায় আকর্ষণীয় মুল্যছাড় অফার করা হচ্ছে।
১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা।
প্রবেশ টিকিটের ওপর র্যাফেল ড্রতে পুরষ্কার হিসেবে দর্শনার্থীদের জন্য রয়েছে দেশি-বিদেশি গন্তব্যে রিটার্ন এয়ার টিকিট, দেশ-বিদেশের হোটেল ও রিসোর্টে বিনামূল্যে আবাসন, এবং দেশের নামকরা তারকা হোটেলের লাঞ্চ ও ডিনার ভাউচার।