নারায়ণগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ” কার্যক্রমের অংশ হিসেবে ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি, সেমিনারসহ অন্যান্য কার্যক্রমের আয়োজন করা হয়। বেসরকারী খাতের ইবিএল লীড ব্যাংক হিসেবে কার্যক্রমে অংশগ্রহন করে।
দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় সেমিনার।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর। ইবিএলকে প্রতিনিধিত্ব করেন ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার।
সেমিনারে ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসার এবং নগদবিহীন অর্থনীতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের লক্ষ্য, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। বক্তারা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপত্তা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে ব্যবহারকারীরা ডিজিটাল পেমেন্ট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং সংশ্লিষ্ট ব্যাক্তিরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সেমিনারের পর অংশগ্রহণকারীরা স্থানীয় বাজার পরিদর্শনে অংশ নেন এবং মাঠ পর্যায়ে ডিজিটাল লেনদেনের বাস্তব চিত্র পর্যালোচনা করেন।
ইবিএল হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী, হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম. ফাতে-উল ইসলামসহ অন্যান্যরা সেমিনারে উপস্থিত ছিলেন।