ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৩ অগাস্ট, ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউসিবির প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে পেমেন্ট খাতের ভবিষ্যৎ, উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং পেমেন্ট সেবার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এশিয়া প্যাসিফিক রিজিওনাল প্রেসিডেন্ট স্টিফেন কারপিন এবং ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি অংশ নেন।
ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শফিকুর রহমানসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। বৈঠকে ইউসিবির পেমেন্টস কার্যক্রম সম্প্রসারণ, নতুন ও উদ্ভাবনী পেমেন্ট সল্যুশন চালু এবং ডিজিটাল পেমেন্ট খাতে নতুন সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ইউসিবির প্রবৃদ্ধির পরিকল্পনায় সহযোগিতা এবং ব্যাংকটির পেমেন্টস পোর্টফোলিও আরও শক্তিশালী করতে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভিসা।