ভবন থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৩ অগাস্ট, ২০২৬
রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৮)।
রংপুর সিআইডি পুলিশের পরিদর্শক আবু হাসান কবির চারজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের কেউ হত্যা করেছে। ভবনের দ্বিতীয় তলায় ওই পরিবার বসবাস করত।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির বলে মনে হচ্ছে। ঘটনাটি তিন থেকে চার দিন আগের হতে পারে। বাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে। টাকাপয়সা রাখার স্থানসহ বিভিন্ন জায়গা ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও বলেন, চারজনকে গলায় রশি বা গামছা পেঁচিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।