বাংলাদেশ ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে একইসঙ্গে পড়ার সুযোগ, ‘জাতীয় নীতি কাঠামো’ তৈরি করছে ইউজিসি
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৫ জুন, ২০২৬
বাংলাদেশ ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনার সুযোগ তৈরি করতে নতুন একটি নীতিকাঠামো প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর আওতায় শিক্ষার্থীরা বাংলাদেশ ও অংশীদার বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বুধবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন ইউজিসি কর্মকর্তারা।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে একটি জাতীয় নীতিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউজিসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত কাঠামোর আওতায় 'টু প্লাস টু' মডেল চালুর পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তী দুই বছর অংশীদার বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন। কোর্স সফলভাবে সম্পন্ন করলে তারা দুই প্রতিষ্ঠান থেকেই পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
একই সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়াল ডিগ্রি, জয়েন্ট ডিগ্রি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেন, উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
জাতীয় নীতিকাঠামো তৈরিতে সহযোগিতা করছেন উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ও ফুলব্রাইট স্পেশালিস্ট ড. গ্রেস মুকুপা। নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনার জন্য ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।