নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান‌ হয়ে রিপাবলিক গঠনে এগিয়ে যেতে হবে: শামসুল আলম লিটন

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, রিপাবলিক গঠনে বাংলাদেশের সংস্কৃতির চর্চাকে আরও প্রসারিত করতে হবে। সঙ্গীত ও চলচ্চিত্র একটা জাতির সংস্কৃতিকে পুরো পৃথিবীতে পরিচয় করিয়ে দেয়। আমাদের সংস্কৃতিতে আপোষকামিতার কোন  জায়গা নেই। আমাদের সংস্কৃতি শ' শ' বছর এই জাতিকে সাহস জুগিয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে নিজস্ব সংস্কৃতির বাতিঘর হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এডাস্ট কালচারাল ক্লাব। 

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে 'এডাস্ট কালচারাল সপ্তাহ ২০২৬' এর সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু এবং সম্মাননীয় অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোসা: কামরুন নেহার বক্তব্য প্রদান করেন। অতিথিরা বলেন- শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি আমাদের জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ ও লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলে। এই সফল আয়োজনের জন্য কালচারাল ক্লাবের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সমম্বয় ও পরিচালনা করেন কালচারাল ক্লাবের আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার, পরিচালক (অর্থ) সৈয়দা সারাহ্ আনওয়ার সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, নাচ (একক ও দলীয়), গান ও অভিনয় সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকের মন্তব্য