‘হেয়ার উইথ আউট ইউ’ খ্যাত গায়ক ব্র্যাড আর্নল্ড আর নেই
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৯ ফেব্রুয়ারী, ২০২৬
‘হেয়ার উইথ আউট ইউ’ গানটি শোনেনি, তরুণ প্রজন্মের এমন শ্রোতা হয়তো পাওয়া যাবে না। অনেকে তার গান শুনেছেন; হয়তো নামটা জানেন না ঠিকমতো। বলা হচ্ছে আমেরিকান রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রধান গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য ব্র্যাড আর্নল্ড এর কথা; যিনি ক্যানসারের সঙ্গে হেরে গিয়ে পপ শ্রোতাদের মনে যেন এক বড় ধাক্কা দিয়ে গেলেন।
মারণব্যাধির সঙ্গে ছিল তার দীর্ঘদিনের লড়াই; ৪৭ -এই চলে গেলেন না ফেরার দেশে। ব্যান্ডের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়ে। জানানো হয়, শনিবার (৭ ফেব্রুয়ারি) ঘুমের মধ্যেই প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী জেনিফার স্যান্ডারফোর্ড এবং পরিবারের সদস্যরা।
বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, থ্রি ডোরস ডাউনের প্রতিষ্ঠাতা, প্রধান গায়ক ও গীতিকার ব্র্যাড আর্নল্ড গত শনিবার (৭ ফেব্রুয়ারি) ৪৭ বছর বয়সে মারা গেছেন। ক্যান্সারের সঙ্গে সাহসী যুদ্ধের পর তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিতে চিরবিদায় নিয়েছেন।’
১৯৭৮ সালের ২৭ সেপ্টেম্বর মিসিসিপিতে জন্মগ্রহণ করেন ব্র্যাড আর্নল্ড। হাই স্কুলে পড়ার সময়ই তিনি ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান ‘ক্রিপ্টোনাইট’ লিখেছিলেন।
২০০০ সালে থ্রি ডোরস ডাউনের প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ মুক্তি পায়। অ্যালবামটি তুমুল ব্যবসায়িক সাফল্য পায় এবং সেই বছর সর্বাধিক বিক্রিত অ্যালবামের তালিকায় ১১তম স্থান দখল করে। বিশেষ করে ‘ক্রিপ্টোনাইট’, ‘হোয়েন আই এম গোন’ এবং ‘হেয়ার উইথ আউট ইউ’-এর মতো কালজয়ী গানের জন্য তিনি বিশ্বজুড়ে রক সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।