নিখোঁজ পরিচালক উৎসব মুখার্জি

কলকাতার জনপ্রিয় সিনেমা ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’-এর চিত্রনাট্যকার ওপরিচালক উৎসব মুখার্জির রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। গতকাল দুপুরে ব্যাংকের কাজে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় টলিউড পাড়ায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ব্যাংকের কিছু জরুরি কাজ সারতে বাড়ি থেকে বের হয়েছিলেন উৎসব। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিচালকের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। 

সেই সময় উৎসব জানিয়েছিলেন যে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছেন। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। উৎসব মুখার্জির নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে তার মোবাইল ফোনটিকে ঘিরে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটি তিনি বাড়িতেই রেখে গিয়েছিলেন। ব্যাংকে যাওয়ার সময় সাথে নিয়েছিলেন তার প্রয়াত বাবার ফোনটি। বর্তমানে সেই ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

উৎসবের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যেই স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি কি সত্যিই ব্যাংকে পৌঁছাতে পেরেছিলেন কি না, কিংবা ব্যাংক থেকে বেরোনোর পর তার সঙ্গে কী ঘটেছি এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

উল্লেখ্য, উৎসব মুখার্জি টলিউডের একজন পরিচিত মুখ। চিত্রনাট্যকার হিসেবে যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি স্বাধীন পরিচালক হিসেবেও তিনি বেশ কিছু কাজ করে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তার এই আকস্মিক নিখোঁজ হওয়ার সংবাদে তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

পাঠকের মন্তব্য