রাতের দখলদারিত্বে স্থবির ভাটারা ১০০ ফিট সড়ক
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৯ এপ্রিল, ২০২৬
রাজধানীর কূটনৈতিক জোনের গা ঘেঁষে যাওয়া ভাটারা থানার গুরুত্বপূর্ণ ‘১০০ ফিট’ সড়কটি এখন জনভোগান্তির এক চরম দৃষ্টান্ত। একদিকে এক বছর ধরে চলা সংস্কার কাজের ধীরগতি, অন্যদিকে রাতের বেলা ভ্রাম্যমাণ দোকানের অবৈধ দখল ও বিদ্যুৎ চুরির মহোৎসবে সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক ‘বিভীষিকা’ হয়ে দাঁড়িয়েছে।
রাতের দখলদারিত্বে রুদ্ধ পথ
দিনের দুর্ভোগ ছাপিয়ে যায় রাতের চিত্র। সন্ধ্যার পর সড়কের সচল অংশটির বড় একটি অংশ দখল করে বসে কয়েকশ ভ্রাম্যমাণ দোকান। ফুটপাত ছাড়িয়ে রাস্তার মূল অংশে এসব দোকানের পসরা বসানোর ফলে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। এর ওপর অকাল বৃষ্টির কাদা আর গর্তে আটকা পড়ে রিকশা-ভ্যান, যার ফলে সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী যানজট। অফিস শেষে ঘরে ফেরা মানুষের কাছে এই সড়ক এখন এক আতঙ্কের নাম।
জ্বালানি সংকটে অবৈধ বিদ্যুতের দাপট
দেশ যখন তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভাটারা সড়কে দেখা যায় উল্টো চিত্র। ভ্রাম্যমাণ দোকানগুলো মেইন লাইন থেকে বিপজ্জনকভাবে অবৈধ সংযোগ টেনে শত শত হ্যালোজেন বাতি জ্বালিয়ে রাখছে।
ভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন: "সরকার বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলছে, অথচ এখানে রাস্তার ওপর অবৈধ লাইনে হাজার হাজার ওয়াটের বাতি জ্বলছে। এই দোকানগুলোর ভিড় আর ঝুলে থাকা বিদ্যুতের তারের কারণে ১০ মিনিটের রাস্তা পার হতে এক ঘণ্টা সময় লাগছে।"
অকাল বৃষ্টি ও অন্তহীন দুর্ভোগ
সরেজমিনে দেখা যায়, ভাটারা থানা থেকে দশতলা পর্যন্ত একপাশ সংস্কারের জন্য বন্ধ থাকায় অন্য পাশে চাপের মুখে পড়ছে সব যানবাহন। অকাল বৃষ্টিতে সেই সরু পথটুকুও এখন হাঁটু সমান কাদা আর ড্রেনের উপচে পড়া নোংরা পানিতে সয়লাব। শিক্ষার্থী জয়া সরকার বলেন, "রাস্তা খারাপের সুযোগে রিকশাওয়ালারা দ্বিগুণ ভাড়া চাচ্ছে। তার ওপর রাতে ভ্রাম্যমাণ দোকানের কারণে হাঁটার জায়গাটুকুও থাকে না। প্রতিদিন যেন যুদ্ধ করে বাড়ি ফিরতে হয়।"
নিরাপত্তা ঝুঁকি ও প্রশাসনের নীরবতা
রাস্তার কাদা আর গর্তে পড়ে প্রতিনিয়ত রিকশা ও মোটরসাইকেল উল্টে আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। স্থানীয়দের অভিযোগ, এক বছর আগে ওয়াসা পাইপ বসানোর জন্য রাস্তা খুঁড়লেও আজ পর্যন্ত তা সংস্কার করা হয়নি। ভ্রাম্যমাণ দোকানদারদের দৌরাত্ম্য এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো ফল মেলেনি।
কূটনৈতিক এলাকার নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার, অবৈধ দখলমুক্ত এবং রাতের ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে চলাচলের উপযোগী করার জন্য ভাটারা এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।