এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদযাপন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৫ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩৩’। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির রঙে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর।
পহেলা বৈশাখের এ আয়োজনে ছিল বাউল গান, লোকসংগীত, নাগরদোলা, গ্রামীণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পারফরম্যান্স। এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় বিভিন্ন স্টল ও প্রদর্শনীর মাধ্যমে। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্যসহ লোকজ নানা সামগ্রী। পাশাপাশি আলপনা অঙ্কন ও বৈশাখী মোটিফে সাজানো ক্যাম্পাস উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. সাইফুল ইসলামসহ ট্রাস্টি বোর্ডের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
দিনের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে শুরু হয় জমজমাট কনসার্ট। এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান ও ইশতিয়াক আবেদীনসহ অন্যান্য সদস্যরা।
দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে এআইইউবি প্রতিবছরই এ ধরনের আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে।