শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং খাতের রূপান্তর নিয়ে ফিনটেক ও এআই বিষয়ক সেমিনার
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২১ এপ্রিল, ২০২৬
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে ‘রিশেপিং দ্যা ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশঃ দ্যা রোল অব ফিনটেক অ্যান্ড এআই’’শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
তিনি তাঁর বক্তব্যে- বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে ফিনটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা আর্থিক লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও গ্রাহকবান্ধব করে তুলছে’ বিশেষ করে, প্রযুক্তিনির্ভর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ তৈরি করা সময়ের দাবি’ উল্লেখ করে- শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের ব্যাংকিং খাতে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
সেমিনারে বক্তারা দেশের ব্যাংকিং খাতকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ফিনটেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. বেহজাদ নুর, সিএসই এর বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ফয়সাল ইমরান, পূবালী ব্যাংকের মহা ব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান আবু লাইস মোঃ শামসুজ্জামান, ডেপুটি জিএম কামরুজ্জামান খান ও শান্তিনগর শাখার এজিএম ও হেড অব ব্রাঞ্চ উজ্জল কুমার শাহা,সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন নতুন ভবনের কার্যক্রম ঘুরে দেখে ভবনের সার্বিক কার্যক্রম ও নকশা দেখে অভিভূত হন এবং প্রশংসা করেন।