বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনদিকে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না: শিক্ষামন্ত্রী
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৬ এপ্রিল, ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনদিকে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে মেধাসম্পদ হারিয়ে যাচ্ছে নাকি সঠিকভাবে ফিরেও আসছে-- সেই বিষয়ে সঠিক পরিসংখ্যান করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনদিকে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না, সেগুলো কি বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে নাকি শিক্ষার উন্নয়ন ঘটাতে পারছে।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে, ফলাফল অক্টোবরের মাঝামাঝি আর জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়গুলো ডাকে। এ পদ্ধতির কারণে প্রত্যেকের জীবন থেকে অনেক সময় চলে যাচ্ছে। ইউজিসিকে অনুরোধ করবো কখন শিক্ষার্থীদের ভর্তি করাবেন আর কখন তারা পাস করে বের হবে-- এ বিষয়ে সমন্বয় করবেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, বেকারত্বের কারখানা দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। সবার ভাবনাগুলোকে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। আমি যেন নিরাশ না হই সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।