কুষ্টিয়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান, ১৫ কোটি টাকার মালামাল জব্দ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১০ মে, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র্যাব ও কাস্টমসের যৌথ অভিযানে একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, ব্যান্ডরোল ও সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টায় উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানিয়েছে, গড়বাড়ী গ্রামের হাবীব মাস্টারের গরুর ফার্মের আড়ালে গড়ে তোলা একটি গোডাউন ও কারখানায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিগারেট তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর অভিযান চালিয়ে কারখানাটি শনাক্ত করা হয়। অভিযানকালে দেশীয় উৎপাদিত বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, অবৈধ ব্যান্ডরোল, প্রায় এক লাখ শলাকা নামিদামি ব্র্যান্ডের সিগারেট, একটি পিকআপ (কাভার্ডভ্যান), ১৪০ কেজি প্রক্রিয়াজাত তামাক, ২৪ হাজার সিগারেট ফিল্টার, একটি মোটরসাইকেল ও একটি বক্সভ্যান জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
র্যাব আরও জানিয়েছে, কুষ্টিয়ার দৌলতপুরসহ জেলার বিভিন্ন এলাকায় দিন দিন অবৈধ সিগারেট কারখানার বিস্তার ঘটছে। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে এসব কারখানায় নকল ও নিম্নমানের তামাকজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। একইসঙ্গে উদ্ধারকৃত মালামাল জব্দ করে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় এসব অবৈধ কারখানা পরিচালিত হচ্ছে। রাজনৈতিক প্রভাব ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে দীর্ঘদিন ধরে ব্যবসাটি চালিয়ে আসছিল চক্রটি। ফলে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানান, র্যাবের অভিযান শেষে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় দুটি অবৈধ সিগারেট কোম্পানি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত সরিয়ে ফেলার জন্য চাপ প্রয়োগ করছে।