ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত!

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস মিলেছে। দুপুর ১টা পর্যন্ত এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তবে এ সময়ের রাজধানী ঢাকার তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবার (১২ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক দুটি আবহাওয়াবার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এর মধ্যে অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানীতে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাঠকের মন্তব্য