ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৪ মে, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসের জন্য আগামী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটির কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটির সমন্বয় করতে এর আগের সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ ২৩ মে এবং ২৪ মে দেশের সব অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
এ ছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গ সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
অন্যদিকে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান বা কল-কারখানা এবং প্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।