কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন কায়সার হামিদ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ মে, ২০২৬
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের আকস্মিক মৃত্যুর খবর যেন ছিল শোবিজ অঙ্গনের জন্য বড় ধাক্কা। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
কারিনার মরদেহ দেশে আনা, জানাজা ও দাফনের বিষয়ে কায়সার হামিদ এক সংবাদ মাধ্যমে জানান, সব ধরনের আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে রোববার (১৭ মে) দুপুরে তার মরদেহ দেশে আনা হবে। এরপর বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কায়সার হামিদ জানান, হাসপাতালে ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার রক্তচাপ (প্রেশার) অনেক নিচে নেমে যায়, এরপর আর চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি।
একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও লিভার ট্রান্সপ্ল্যান্টের (প্রতিস্থাপন) প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়।
কনটেন্ট তৈরির পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। তার এই অকাল প্রয়াণে বিনোদন জগতের নির্মাতা, সহকর্মী ও সাধারণ অনুরাগীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।