দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গঠনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ মে, ২০২৬
তাত্ত্বিক শিক্ষার সাথে বাস্তব কর্মক্ষেত্রের মেলবন্ধন ঘটাতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ১৬ মে ২০২৬ তারিখে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘স্কয়ার অ্যাপারেলস লিমিটেড’ পরিদর্শন করেন।
এই সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক টেক্সটাইল প্রযুক্তির প্রয়োগ, উচ্চমানের ওভেন ফ্যাব্রিক উৎপাদন প্রক্রিয়া এবং বৈশ্বিক বাজারের জন্য পোশাক তৈরির কর্মপদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা প্রদান করা। টেক্সটাইল বিভাগের এডভাইজর প্রফেসর ড. সেখ মোঃ মমিনুল আলম এবং চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী রাজ-এর বলিষ্ঠ নেতৃত্বে ৬০ জন শিক্ষার্থীর একটি দল এই পরিদর্শনে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান এবং লেকচারার তানিয়া ইসলাম, মো: ফয়জুল হাসান, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাকিব মাহফুজ ও মীর আব্দুল গাফ্ফার।
পরিদর্শনের একটি বিশেষ দিক ছিল স্কয়ার অ্যাপারেলস-এর আর এন্ড ডি (R&D) বিভাগের প্রধান এবং অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও কৃতি শিক্ষার্থী ইঞ্জিনিয়ার নাফিদুল ইসলাম-এর সাথে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময়। তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে ফ্যাক্টরির বিভিন্ন সেকশন ঘুরে দেখান এবং পেশাদার জীবনের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা বর্ণনা করেন। একজন অগ্রজকে সাফল্যের শীর্ষে দেখে বর্তমান শিক্ষার্থীরা পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা খুঁজে পান।
শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব উৎপাদনের সাথে সংযুক্ত করে তাদের দক্ষ ও কর্মমুখী প্রকৌশলী হিসেবে গড়ে তোলাই এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। সারাদিনের ব্যস্ত টেকনিক্যাল লার্নিং সেশন শেষে শিক্ষার্থীরা গাজীপুর সাফারি পার্কের মনোরম পরিবেশে কিছুটা সময় অতিবাহিত করেন।