ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৮ মে, ২০২৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন এবং নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।
সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির দীর্ঘদিনের প্রক্টর অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্রাস্টি বোর্ডের সুপারিশের পর সিন্ডিকেট সভায় এই নতুন নিয়োগ অনুমোদন করা হয়।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ডিআইইউর প্রক্টর হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রক্টরিয়াল কার্যক্রম দেখভাল করবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এটি একটি নিয়মিত প্রশাসনিক রদবদল।