প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান

দেশ দ্রুত প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে অগ্রসর হলেও সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় এখনও বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। ব্যাংকিং খাত থেকে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম—সব ক্ষেত্রেই তথ্য চুরি, হ্যাকিং ও ডিজিটাল প্রতারণা বাড়ছে। এ পরিস্থিতিতে দক্ষ মানবসম্পদ তৈরি, নীতিনির্ধারকদের প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সাইবার নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে অনুষ্ঠিত ‘Cyber Security & Threat Intelligence’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়। আইইবির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ একটি প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সময়ে যারা এখনও কেবল প্রচলিত চিন্তা ও ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রয়েছেন, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়বেন। বর্তমান বিশ্বে মানুষের মূল্যায়ন বয়স দিয়ে নয়, বরং প্রযুক্তি গ্রহণের সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রযুক্তিগত সক্ষমতাই এখন রাষ্ট্রের শক্তি নির্ধারণ করে। উদাহরণ হিসেবে তিনি তাইওয়ানের চিপ উৎপাদনের বিষয়টি উল্লেখ করে বলেন, আধুনিক বিশ্বে প্রযুক্তি ও উদ্ভাবন অর্থনৈতিক ও কৌশলগত শক্তির অন্যতম ভিত্তি হয়ে উঠেছে। বাংলাদেশকেও প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি খাতে দক্ষতা বাড়াতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে তথ্য চুরি ও সাইবার অপরাধ বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ব্যক্তিগত তথ্য ফাঁস, আর্থিক প্রতারণা ও রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকির মতো ঘটনা বাড়ছে। এ পরিস্থিতিতে দক্ষ জনবল তৈরি এবং নীতিনির্ধারকদের প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে সম্যক ধারণা থাকা জরুরি।

সেমিনারে স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, দেশে সাইবার অপরাধের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে ব্যাংকিং খাতে হ্যাকিং ও তথ্য চুরির ঝুঁকি বেড়েছে। ডিজিটাল লেনদেনের প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারকদের কৌশলও বদলাচ্ছে।

তিনি বলেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাও বাড়ছে। এর ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস, আর্থিক ক্ষতি ও সামাজিক হয়রানির মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। সরকার সাইবার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (BGD e-GOV CIRT) ইনসিডেন্ট হ্যান্ডলার প্রকৌশলী মো. রেদওয়ান জামান অনিক। তিনি বলেন, বিশ্ব এখন পুরোপুরি প্রযুক্তিনির্ভর। রাষ্ট্রীয় নিরাপত্তা, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ—সব ক্ষেত্রই ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। ফলে সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকিও বহুগুণে বেড়েছে।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি হলো এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক ও তথ্যভান্ডারকে অননুমোদিত প্রবেশ, ম্যালওয়্যার ও সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা হয়। বর্তমানে তথ্যই সবচেয়ে বড় সম্পদ হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, অ্যাবের সদস্য প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ.টি.এম. জিয়াউল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যাপ্টারের সম্পাদক প্রকৌশলী শফিউল আজম (ফাহিম)। ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আইইবির কেন্দ্রীয় ও ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রকৌশল সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য