চার বছরের জন্য ইউজিসির সদস্য নিযুক্ত হলেন গবেষক ড. আব্দুল্লাহ আল মামুন
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৩ মে, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের বিশিষ্ট অধ্যাপক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও গবেষক ড. আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ শনিবার (২৩ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে এবং সরকারের এই সিদ্ধান্ত প্রকাশের পর ইতিমধ্যেই তিনি কমিশনের চেয়ারম্যানের কাছে তাঁর আনুষ্ঠানিক যোগদানপত্র জমা দিয়েছেন।
দেশ-বিদেশে দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার এক সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে ড. আব্দুল্লাহ আল মামুনের। তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডের অর্থনীতি, অর্থায়ন ও হিসাববিজ্ঞান বিভাগ থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থামব্রিয়া থেকে ‘সার্টিফিকেট ইন ল’ ডিগ্রি লাভ করেন। পাশাপাশি তিনি মার্কেটিংয়ের ওপর এমবিএ ডিগ্রিধারী।
ড. মামুন আন্তর্জাতিক পর্যায়েও শিক্ষা ও গবেষণায় বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যাডেলফি ইউনিভার্সিটিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপ’ লাভ করেন। এছাড়া ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে ‘জাপান ফাউন্ডেশন ফেলো’ হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি ও লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি, জাপানের টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ ও ইউটিভার্সিটি অব কোবে, ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়াসহ বিশ্বের বহু নামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিশেষ লেকচার প্রদান করেছেন।
শিক্ষকতা ছাড়াও তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), মন্ত্রিপরিষদ বিভাগ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), বাণিজ্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংস্থা ব্র্যাক, আশা, ইউএসএআইডি, ইউএনডিপি, জেট্রো, জাপান ফাউন্ডেশন ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) সাথে নীতি-নির্ধারণী পর্যায়ে পরামর্শক হিসেবে কাজ করেছেন।
গবেষণা ও প্রকাশনায় ড. আব্দুল্লাহ আল মামুনের অবদান অসামান্য। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে তাঁর প্রকাশিত বই, বইয়ের অধ্যায় ও গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫০টিরও বেশি। তাঁর এই কাজগুলো স্প্রিঙ্গার, রাউটলেজ, প্যালগ্রেভ ম্যাকমিলান ও এমেরাল্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। বিশিষ্ট এই শিক্ষাবিদের নিয়োগে ইউজিসির উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।