বিশ্বকাপের মঞ্চ কাঁপালেন ‘নকল’ শাকিরা?
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১২ জুন, ২০২৬
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির আজতেকায় পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ল্যাটিন পপ কুইন শাকিরা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের সঙ্গে মঞ্চে আসরের অফিশিয়াল থিম সং ‘ডাই ডাই’ গেয়ে কোটি কোটি দর্শককে মাতিয়েছেন তিনি। কিন্তু তার পারফরম্যান্সের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভক্তদের একাংশের দাবি, মাঠ মাতানো সেই শাকিরা আসলে ‘আসল’ শাকিরা ছিলেনই না, বরং তার জায়গায় পারফর্ম করেছে কোনো ‘বডি ডাবল’ বা ক্লোন!
‘দ্য মিরর’এর প্রতিবেদন অনুযায়ী, ৪৯ বছর বয়সী কলম্বিয়ান এই সুপারস্টারের উদ্বোধনী মঞ্চের লুকটাই ভক্তদের মনে সন্দেহের জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শাকিরা একটি হলুদ রঙের টপস, সাদা শর্টস এবং স্নিকার্স পরে হাজির হন। তবে সবচেয়ে বড় রহস্য তৈরি করে তার চোখের বড় কালো সানগ্লাস। যা তার মুখের সিংহভাগ অংশই ঢেকে রেখেছিল। এ ছাড়া শাকিরার চিরচেনা সোনালী চুল এবার হালকা স্ট্রবেরি লাল রঙে রাঙানো ছিল। চেনা রূপের বাইরে এমন আকস্মিক চেহারায় শাকিরাকে দেখে ভক্তরাও অবাক হয়ে যায়।
শাকিরা মঞ্চে থাকতেই সামাজিক মাধ্যমে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। এক ভক্ত লিখেছেন, ‘ইনি কি আসলেই শাকিরা? তাকে তো শাকিরার মতো লাগছে না! আমি কি ভুল দেখছি?’ অনেক স্প্যানিশ ভাষার ভক্ত লিখেছেন, ‘আমাকে বলবেন না যে আমি একাই ভাবছি এটা শাকিরার বডি ডাবল ছিল।’
আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারা শাকিরার মতো দেখতে অন্য কাউকে কেন নিয়ে এলো?’ অন্য আরেকজন লিখেছেন, ‘মনে গভীর সন্দেহ জাগছে। সে যদি শাকিরা না হয়? আমার মন বলছে ওটা কোনো নকল রূপধারী ছিল।’
বিশ্বকাপের মঞ্চের সঙ্গে শাকিরার মেলবন্ধন অবশ্য বেশ পুরোনো। এর আগে ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপেও নিজের কণ্ঠের জাদুতে ফুটবলবিশ্বকে মাতিয়েছেন তিনি। বিশেষ করে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা থিম সং।