৫০০ পর্বের ডকুমেন্টারি ফিল্ম 'কাগজের মানুষ' সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে — তথ্য উপদেষ্টা

ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ শীর্ষক ৫০০ পর্বের সিরিজের উদ্বোধন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে নির্মিত এ সিরিজে দেশের বিভিন্ন অঞ্চলের মফস্বল সাংবাদিকদের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান। তিনি বলেন, “সাংবাদিকদের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ৫০০ পর্বের ডকুমেন্টারি ফিল্ম 'কাগজের মানুষ' সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে এবং বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব মোঃ মাহবুবুল আলম। তিনি বলেন, "গণমাধ্যমের ইতিহাস সংরক্ষণ এবং সাংবাদিকদের সংগ্রামী জীবনকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কাজ নতুন প্রজন্মকে সত্যনিষ্ঠ সাংবাদিকতার মূল্যবোধ সম্পর্কে অনুপ্রাণিত করবে।"

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন বলেন, "শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। গবেষণা, সংস্কৃতি, গণমাধ্যম ও ইতিহাস সংরক্ষণের মধ্য দিয়েও একটি বিশ্ববিদ্যালয় সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে। 'কাগজের মানুষ' সেই দায়বদ্ধতারই একটি অনন্য উদাহরণ।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি বলেন, "সত্যনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। এই প্রামাণ্যচিত্র সিরিজ সাংবাদিকতার ঐতিহ্য ও মানবিক মূল্যবোধকে নতুনভাবে তুলে ধরবে।"

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু এবং সদস্য জনাব কামরুন নেহার অনুষ্ঠানে উপস্থিত থেকে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গবেষণাভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব আব্দুল কাইউম সরদার, পরিচালক অর্থ সৈয়দা সারাহ্ আনওয়ার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্মাতা জানান, ‘কাগজের মানুষ’ সিরিজে দেশের প্রথিতযশা ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের জীবন, সংগ্রাম, পেশাগত অভিজ্ঞতা এবং সমাজে তাঁদের অবদান তুলে ধরা হবে। সিরিজটির নির্বাহী প্রযোজক জনাব এম. শামসুল আলম লিটন এবং পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম।

উদ্বোধনী পর্বে কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রবীণ সাংবাদিক কাউয়ুম আজাদ বাবুল-এর জীবন ও কর্ম তুলে ধরা হয়। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন, সত্যনিষ্ঠ অবস্থান ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকদের গভীরভাবে স্পর্শ করে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে।

পাঠকের মন্তব্য