বাংলাদেশে এলো লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ

স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো-এর ৮টি নতুন মডেলের মনিটর।

গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান 'সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬'-এ এই মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর জিএম কামরুজ্জামান ও জিএম মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর লেনোভো বিজনেস হেড মোঃ রেজাউল করিম তুহিন।

নিয়মিত কাজের জন্য - এল ও ডি সিরিজ

অফিস, পড়াশোনা কিংবা মাল্টিমিডিয়ার জন্য এসেছে লেনোভো এল২৪-৪সি, এল২৪ডি-৪সি ও এল২৭-৪সি - ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইমসহ। বড় স্ক্রিনপ্রেমীদের জন্য রয়েছে ৩১.৫ ইঞ্চির লেনোভো ডি৩২-৪০।

গেমার ও ক্রিয়েটরদের জন্য - লিজিয়ন সিরিজ: গতির অন্য এক জগৎ

গেমিং জগতে যারা আপস করতে রাজি নন, তাদের কথা মাথায় রেখেই এসেছে লেনোভোর জনপ্রিয় 'লিজিয়ন' সিরিজের ৪টি মনিটর। ফুল এইচডি রেজোলিউশনের লিজিয়ন ২৪-১০ এবং লিজিয়ন ২৭-১০ মডেল দুটিতে পাওয়া যাবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সাথে ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যার ফলে প্রতিপক্ষের সামান্যতম নড়াচড়াও চোখ এড়িয়ে যাবে না। রেজোলিউশন এবং গতি - এই দুটোই একসঙ্গে পেতে চাইলে বেছে নেওয়া যেতে পারে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ কিংবা লিজিয়ন ২৭কিউডি-১০, যেখানে ২৪০ হার্টজ গতির পাশাপাশি রয়েছে নিখুঁত কালার। এর মধ্যে ফ্ল্যাগশিপ মডেল ২৭কিউডি-১০-এ বাড়তি সংযোজন হিসেবে দেওয়া হয়েছে দ্রুতগতির টাইপ-সি পোর্ট। আর হ্যাঁ, সিরিজের প্রতিটি মনিটরেই রয়েছে পূর্ণাঙ্গ আর্গোনোমিক স্ট্যান্ড - কাত করা, ঘোরানো কিংবা উচ্চতা ঠিক করার সুবিধাসহ, যাতে ঘণ্টার পর ঘণ্টা গেম খেললেও শরীরে চাপ না পড়ে।

রেজাউল করিম তুহিন বলেন, "গেমার, কন্টেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতেই এই মনিটরগুলো এনেছি। তবে গ্রাহকদের অনুরোধ করব, গ্রে-মার্কেট এড়িয়ে অথরাইজড চ্যানেল থেকেই জেনুইন পণ্য কিনুন - তবেই মিলবে ৩ বছরের ওয়ারেন্টির পূর্ণ নিশ্চয়তা।"

প্রতিটি মনিটরে রয়েছে ৩ বছরের অফিশিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। এখন থেকেই এগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সব অনুমোদিত শাখা, ডিলার শপ ও অনলাইন পোর্টালে - সারাদেশে।

পাঠকের মন্তব্য