রাজধানীতে অনার মোবাইল বিস্ফোরণ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৭ জুলাই, ২০২৬
স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী। তবে সামান্য অসাবধানতা কিংবা প্রযুক্তিগত ত্রুটিতে এই প্রয়োজনীয় ডিভাইসই মুহূর্তে ভয়ংকর বিপদের কারণ হয়ে উঠতে পারে। গত দুই মাসে দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের অন্তত চারটি স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় কেউ হারিয়েছে প্রিয় ফোন, কেউ হয়েছে আর্থিক ক্ষতির শিকার, আবার কেউ আহতও হয়েছে। এমনকি গত ১৪ জুন আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে এক জনের মৃত্যুর ঘটনাও ঘটে।
এবার তেমনই এক মোবাইল বিষ্ফোরনের ঘটনা ঘটেছে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায়। ভুক্তভোগী বলেন, ১৪ জুলাই অনার ব্র্যান্ডের ‘অনার-২০০’ (Honor 200) মডেলের একটি স্মার্টফোন হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
জানা গেছে, ফোনটির ব্যাবহারকারী মোহাম্মদ রতন রাজধানীর ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। মাত্র আট মাস আগে তিনি প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা দিয়ে অনার ব্র্যান্ডের ‘অনার-২০০’ (Honor 200) স্মার্টফোনটি কিনেছিলেন।
রতন জানান, প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোড এলাকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পকেট থেকে ফোনটি রাস্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে এক পথচারীর পায়ের নিচে ফোনটি চাপা পড়তেই বিকট শব্দে বিস্ফোরিত হয় অনার-২০০ মোবাইল ফোনটি। এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ফোনটিতে আগুন ধরে যায় এবং আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি আরও জানান, উপস্থিত পথচারী ও তিনি নিজে প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ফোনটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। এছাড়া যে পথচারীর পায়ের নিচে ফোনটি ছিল, তার জুতাতেও আগুন ধরে বেশ কিছু অংশ পুড়ে যায়। আগুন নেভানোর সময় আগুনের ছিটায় রতনের পায়েও সামান্য দগ্ধ হওয়ার ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর তিনি অনারের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলেও এখন পর্যন্ত কোনো সন্তোষজনক সমাধান পাননি। একই সঙ্গে তিনি জানান, অনেক প্রত্যাশা নিয়ে দামি এই স্মার্টফোনটি কিনলেও এমন ঘটনার পর অনার ব্র্যান্ডের প্রতি তার আস্থা নষ্ট হয়েছে।
এই ঘটনার বিষয়ে অনার কর্তৃপক্ষ জানায় সম্প্রতি রাজধানীর কুড়িল এলাকায় অনার ২০০ মডেলের একটি স্মার্টফোন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গ্রাহকের ক্ষয়ক্ষতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ঘটনার পর গ্রাহক আমাদের কাস্টমার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। গ্রাহকের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, ব্যবহৃত ডিভাইসটি অনুমোদিত (অফিশিয়াল) বিক্রয় চ্যানেল থেকে কেনা হয়নি। অননুমোদিত বা গ্রে মার্কেটের ডিভাইসের ক্ষেত্রে অনেক সময় ডিভাইসের উৎস, ডিভাইসে ব্যবহৃত যন্ত্রাংশের মান ও মৌলিকতা, কিংবা ডিভাইসটি পূর্বে ব্যবহৃত অথবা রিফারবিশড কি না, তা যাচাই করা সম্ভব হয় না। ফলে এসব ডিভাইসের গুণগত মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।
তাই আমরা সবসময় গ্রাহকদের অননুমোদিত বা গ্রে মার্কেট থেকে স্মার্টফোন কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকি। কারণ, এ ধরনের ডিভাইসের ক্ষেত্রে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা প্রযোজ্য হয় না।
একই সঙ্গে, গ্রাহকের দেওয়া তথ্য অনুযায়ী, ডিভাইসটি প্রথমে মাটিতে পড়ে যায় এবং পরবর্তী সময়ে চাপের মুখে ক্ষতিগ্রস্ত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ঘটনাটি দুর্ঘটনাজনিত (অ্যাকসিডেন্টাল) ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আমাদের ওয়ারেন্টি নীতিমালার আওতায় পড়ে না।
আমরা সবসময় পণ্যের নিরাপত্তা ও গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। সেই ধারাবাহিকতায়, গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে আমরা অনুমোদিত বিক্রয় চ্যানেল থেকে ডিভাইস কেনা এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ডিভাইস ব্যবহারের আহ্বান জানাই।