৮০ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শাবিপ্রবিতে ‘সিএসই কার্নিভাল ২০২৬’
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ জুলাই, ২০২৬
দেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’।
তরুণ প্রোগ্রামার, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে কার্নিভালে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১২০টি দল অংশ নেয়। পাশাপাশি, এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০টি দল হ্যাকাথনে অংশ নিয়ে বাস্তবসম্মত প্রযুক্তিভিত্তিক সমাধান উপস্থাপন করে।
দুই দিনের এ আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি ফিনটেক, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফাইন্যান্স এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে একাধিক সেশনের আয়োজন করা হয়। এসব সেশনগুলোতে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিকাশ এর প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রকৌশলীরা শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ও বাস্তব কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা ২০ টি দলকে পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বুয়েটের ‘সিলভার হকস’ টিম এবং দ্বিতীয় ও তৃতীয় হয় বুয়েটের ‘সুপারনোভা’ এবং রুয়েটের ‘জ্যোতি চাষী’ টিম। একইভাবে, হ্যাকাথন প্রতিযোগিতায় সেরা হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘জিএনজি’ এবং দ্বিতীয় ও তৃতীয় হয় বুয়েটের ‘নেক্সাস’ ও তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আরেকটা টিম’।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম, বিকাশ এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, শাবিপ্রবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফরহাদ রাব্বী সহ অনেকে।