রামকৃষ্ণপুরে নিবন্ধন ছাড়াই চলছিল ডায়াগনস্টিক সেন্টার, অভিযানে বন্ধ
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ জুলাই, ২০২৬
হারুন অর রশিদ, হোমনা, (কুমিল্লা) প্রতিনিধিঃ
জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুমিল্লার হোমনা উপজেলায় স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকি অভিযানে বৈধ নিবন্ধন (রেজিস্ট্রেশন) না থাকায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক রামকৃষ্ণপুর বাজারে অবস্থিত চান্দেরচর ইউনিয়ন সাব-সেন্টার এবং চারটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রামকৃষ্ণপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার বৈধ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক বলেন, “নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি নীতিমালা ও বিধিবিধান অমান্য করে পরিচালিত কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন, প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়লে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. এবাদুল হক, ল্যাব টেকনোলজিস্ট মো. আবদুল্লাহ আল কাফি এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ ও মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পাবেন।