হ্যান্ডকাফ পরেই থানা থেকে দৌড়, তিতাসে ঝাঁপ; শেষ রক্ষা হলো না আসামির

হারুন অর রশিদ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার হোমনা থানায় ইয়াবাসহ আটক এক আসামি পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। হ্যান্ডকাফ পরা অবস্থায় থানা ভবন থেকে দৌড়ে বের হয়ে তিতাস নদীতে ঝাঁপ দিলেও পুলিশ ও স্থানীয় জনতার তাৎক্ষণিক তৎপরতায় শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা হয়।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে হোমনা থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, একই দিন উপজেলার পঞ্চবটি এলাকার সোলেমান শাহ মাজারের সামনে থেকে স্থানীয় লোকজনের সহায়তায় বাগমারা গ্রামের জিয়ান মিয়ার ছেলে ইসলাম মিয়া (৩৫)-কে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

এ সময় থানায় প্রাথমিক আইনগত কার্যক্রম চলাকালে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ইসলাম মিয়া হঠাৎ দৌড়ে থানা ভবনের নদীসংলগ্ন গেট দিয়ে বের হয়ে তিতাস নদীতে ঝাঁপ দেন। এতে থানা এলাকায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ঝাঁপ দেওয়ার পর আসামি সাঁতরে ওভারব্রিজ এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবকও অভিযানে অংশ নেন। একপর্যায়ে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ প্রচেষ্টায় তাকে নদী থেকে উদ্ধার করে পুনরায় পুলিশের হেফাজতে নেওয়া হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “ইয়াবাসহ আটক ওই আসামি থানার প্রাথমিক কার্যক্রম চলাকালে হঠাৎ দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় থানা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উদ্ধার হওয়া আসামিকে পুনরায় থানার হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে চলমান মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মন্তব্য