নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর আওতায় নাটোরে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করা। মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা টেকসই ব্যবসা পরিচালনা, ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিযোগিতামূলক বাজারে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর যুগ্ম পরিচালক এবং  স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর  ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনভিত্তিক শিল্পায়নে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে  স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম-এর  মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম। তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন সুবিধা, উপযোগী ব্যাংকিং সেবা এবং প্রয়োজনভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকবে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংক পিএলসি. বিশ্বাস করে, দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্যোক্তা উন্নয়নমূলক এ ধরনের কর্মসূচির মাধ্যমে ব্যাংকটি দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাঠকের মন্তব্য