প্রতিবন্ধীর সঙ্গে এ কেমন শত্রুতা?

হারুন অর রশিদ, হোমনা(কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর (২) দক্ষিণপাড়ার সরদার বাড়ির মরহুম খুরশেদ মিয়ার প্রতিবন্ধী ছেলে মোঃ লুৎফর রহমান (লুতু) এর টং দোকানে (২৭ জুলাই) রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে প্রতিদিনের মতো দোকানে এসে টিন কাটা এবং দোকান তছনছ অবস্থায় দেখে হতভম্ব হয়ে যান লুতু। নিজের একমাত্র আয়ের উৎস এভাবে লুট হয়ে যেতে দেখে তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন।

ভুক্তভোগী লুৎফর রহমান (লুতু) কান্নাস্বরে জানান,  দুনিয়াতে তার কেউ নেই তার  দোকান থেকে এর আগেও ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল। আজ আবার নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এই ছোট্ট টং দোকানটিই ছিল তার এবং তার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, লুতু একজন প্রতিবন্ধী। তিনি কারও কাছে হাত না পেতে নিজের পরিশ্রমে একটি ছোট টং দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। সীমিত সামর্থ্য নিয়েও তিনি আত্মসম্মান বজায় রেখে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার সেই শেষ সম্বলটুকুতেও দুর্বৃত্তদের হাত পড়েছে।

চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এলাকাবাসীর ভাষ্য, একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষের সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত লুতুর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

পাঠকের মন্তব্য