প্রতিদিন স্বপ্ন দেখতাম মেসির সঙ্গে খেলব: ক্যাসেমিরো
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩১ জুলাই, ২০২৬
বহু বছর প্রতিপক্ষ হিসেবে লড়েছেন। কখনও রিয়াল মাদ্রিদের জার্সিতে, কখনও ব্রাজিল জাতীয় দলের হয়ে। সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর এবার একই দলে খেলার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসির সঙ্গে। আর সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ লুকাতে পারলেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।
গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংবাদমাধ্যমের সামনে নিজের পরিচিতি অনুষ্ঠানে তিনি জানান, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে খেলার স্বপ্ন তিনি প্রতিদিনই দেখতেন।
ক্যাসেমিরো বলেন, ‘আমি সব সময়ই সেরাদের সঙ্গে থাকতে চাই। প্রতিদিন স্বপ্ন দেখতাম মেসির সঙ্গে একই দলে খেলব। ওকে থামানো অসম্ভব, আমি কখনও সেটা পারিনি। ওকে আটকাতে সব সময়ই সতীর্থদের সাহায্য প্রয়োজন হতো।’
তিনি আরও বলেন, ‘সব ফুটবলারেরই সর্বকালের অন্যতম সেরার সঙ্গে খেলার স্বপ্ন থাকে। আমি এখন সেই স্বপ নিয়েই বাঁচছি। আমি এটা উপভোগ করতে চাই এবং মেসিকে আরও শিরোপা জিততে সাহায্য করতে চাই।’
মেসিকে ফুটবলের ‘দেবতাদের একজন’ বলেও উল্লেখ করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টেনে গ্রীষ্মকালীন দলবদলে ইন্টার মায়ামিতে যোগ দেন ক্যাসেমিরো। যোগ দেয়ার পরপরই রোববার (২৬ জুলাই) সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরুর একাদশে অভিষেক হয় তার।
ক্যাসেমিরো জানান, এমএলএসে খেলার সিদ্ধান্ত নেয়ার পর তার প্রথম এবং একমাত্র পছন্দ ছিল ইন্টার মায়ামি। তিনি বলেন, ‘আমি খুব পরিষ্কার ছিলাম, যদি এমএলএসে কোনো দলের হয়ে খেলি, তাহলে সেটা হবে ইন্টার মায়ামির হয়েই।’
যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়ার আগে ব্রাজিলের সাবেক তারকা কাকার সঙ্গেও কথা বলেছেন বলে জানান ক্যাসেমিরো। কাকা তিন মৌসুম খেলেছিলেন অরল্যান্ডো সিটির হয়ে। ইন্টার মায়ামিতে ক্যাসেমিরোর আগমনকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত কয়েক মৌসুমে রক্ষণভাগের দুর্বলতায় ভুগেছে ক্লাবটি। মেসির নেতৃত্বে শক্তিশালী আক্রমণভাগ সেই ঘাটতি অনেকটা পুষিয়ে দিলেও, গত মৌসুম শেষে সার্জিও বুসকেটসের বিদায়ের পর মাঝমাঠ ও রক্ষণ আরও নাজুক হয়ে পড়ে। সেই জায়গা শক্তিশালী করতেই অভিজ্ঞ ক্যাসেমিরোর ওপর ভরসা রাখছে ফ্লোরিডার ক্লাবটি।
বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি এখন পূর্বাঞ্চলীয় কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে। ৩৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে। আগামী বৃহস্পতিবার লিগস কাপ অভিযান শুরু করবে মেসির দল। ২০২৩ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি