ফের অনার ফোন বিস্ফোরণ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১ অগাস্ট, ২০২৬
রাজধানীর কুড়িলে অনার ২০০ মডেলের একটি স্মার্টফোনে আগুন ধরে যাওয়ার ঘটনার পর এবার সিরাজগঞ্জেও একই মডেলের ফোন বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) জেলার উল্লাপাড়া উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর পকেটে থাকা ‘অনার ২০০’ (Honor 200) স্মার্টফোন বিস্ফোরিত হয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আবদুল্লাহিল কাফি জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর সামনে চলে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় তাঁর ডান পকেটে থাকা অনার ২০০ স্মার্টফোনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফোনটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি গুরুতর আহত হননি।
কাফি বলেন, ৩৮ হাজার টাকা দিয়ে নতুন ফোনটি কিনেছিলাম। দুর্ঘটনার পর মুহূর্তেই ফোনটি বিস্ফোরিত হয়ে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। এত দাম দিয়ে কেনা ফোনের এমন পরিণতি মেনে নেওয়া কঠিন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী স্মার্টফোনটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। মোবাইল ব্যবহারকারী রবিউল আকন্দ বলেন, এক্সিডেন্টে ফোন ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু বিস্ফোরিত হবে কেন? এমন ঘটনা আগে খুব একটা দেখিনি। এই খবরের পর অনার ফোন কেনার আগ্রহই হারিয়ে ফেলেছি।
তবে সিরাজগঞ্জের এ ঘটনার বিষয়ে অনার বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৪ জুলাই রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একই মডেলের একটি অনার ২০০ স্মার্টফোনে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে আসে। সেই ঘটনার পরও ব্র্যান্ডটির ডিভাইসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পরপর দুই ঘটনার পর ব্যবহারকারীদের মধ্যে অনার ২০০ মডেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।