মেসিদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করলেই কড়া শাস্তি

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে একের পর এক বিতর্কের পর এবার মেসিদের সুরক্ষায় নতুন আইনি উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার। প্রস্তাবিত এক সরকারি আদেশে বিদেশি নাগরিকদের উসকানিমূলক, ঘৃণামূলক বা হেনস্তামূলক বক্তব্য ও আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হচ্ছে। আর্জেন্টিনার নাগরিকদের হেনস্থা বা মারধর করা হলেও তা এই আওতায় পড়বে।

ফরাসি গণমাধ্যম রেডিও মন্টে কার্লোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবলার কিংবা দেশের নাগরিকদের লক্ষ্য করে কোনো বিদেশি ব্যক্তি লিখিত, মৌখিক বা অন্য কোনো উপায়ে ঘৃণা ছড়ানো, উসকানিমূলক মন্তব্য বা হেনস্তামূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি বিশেষ সরকারি নির্দেশ প্রস্তুত করছে সরকার। তবে প্রস্তাবটি এখনো কার্যকর হয়নি। এটি বাস্তবায়নের আগে দেশটির সংসদ এবং সুপ্রিম কোর্টের প্রয়োজনীয় অনুমোদন লাগবে। অনুমোদন পেলে সেটি পূর্ণাঙ্গ আইনি কাঠামোর অংশ হবে।

বিশ্বকাপ চলাকালে ও টুর্নামেন্ট শেষে আর্জেন্টিনার ফুটবলার এবং সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা এবং কয়েকটি অপ্রীতিকর ঘটনার পরই সরকার এই উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও অভিযোগ করেন, বিশ্বকাপজুড়ে মাঠে ও মাঠের বাইরে আর্জেন্টিনার ফুটবলার এবং সমর্থকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করা হয়েছে। এমনকি স্টেডিয়ামে কিছু আর্জেন্টাইন সমর্থক হেনস্তার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে মিলেই বলেন, ‘যারা আর্জেন্টিনা এবং আমাদের দেশের মানুষকে কোনোভাবে আক্রমণ বা লাঞ্ছিত করবে, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেব।’

এদিকে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর রাজনৈতিক ব্যানার প্রদর্শনের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে ইতোমধ্যেই শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা।

পাঠকের মন্তব্য