হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই : জয়সোয়াল
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৪ অগাস্ট, ২০২৬
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের (ইন্টারেকশন) সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং এটি একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন, শেখ হাসিনার ইন্টারেকশন একটি বেসরকারি মিডিয়া সংস্থা আয়োজন করছে। ভারত সরকারের এই আয়োজনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভারত সরকার ওই মঞ্চ থেকে উত্থাপিত বক্তব্য সমর্থনও করে না। তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।
এরআগে সোমবার, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে বলেন, “পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।”
পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”
ভারতের হাইকমিশনার বিষয়টি ‘যথাযথভাবে বিবেচনা করে’ প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।