গ্যাস-সংকট: গাজীপুরে ছুটিতে ৮০০ কারখানা
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৫ অগাস্ট, ২০২৬
গ্যাস-সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় গাজীপুরের ৭০০ থেকে ৮০০ শিল্পকারখানায় টানা ৪ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবারের সরকারি ছুটির সঙ্গে আরও ৩ দিন যুক্ত করে তৈরি পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন কারখানায় এই ছুটি দেওয়া হয়।
এর ফলে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফিরতে চাওয়া শ্রমিকের ভিড় দেখা গেছে। এদিকে পরিবহন সংকটের কারণে অনেক শ্রমিককে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে এবং অতিরিক্ত ভাড়ায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।
উৎপাদন কার্যক্রম সীমিত হয়ে পড়ায় সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে ৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে অনেক শিল্পকারখানা। কোনো কোনো কারখানায় ৫ দিনেরও ছুটি দেওয়া হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশই তৈরি পোশাক, টেক্সটাইল, নিটিং, ডাইং ও ওয়াশিং খাতের। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেক কারখানাই সীমিত পরিসরে উৎপাদন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
মহানগরের আমবাগ এলাকার তাপস পিএন কারখানার ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার তালুকদার বলেন, ‘গ্যাস-সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু গার্মেন্টস শাখায় ছুটি দেওয়া হয়েছে। তবে টেক্সটাইল খোলা রয়েছে। বুধবার সরকারি ছুটি আর বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে গত শুক্রবার ছুটির দিনে এই বৃহস্পতিবারের কাজ আগে করিয়ে নেওয়া হয়েছে।’
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘২০ শতাংশের মতো কারখানায় ছুটি দেওয়া হয়েছে।’
অন্যদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম এম মামুন-অর-রশিদ বলেন, ‘কোনো কোনো কারখানায় ৩ দিন, আবার কোনো কারখানায় ৪ দিনের ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২০-২২ শতাংশ কারখানা ছুটি দিয়েছে।’
তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজীপুর জেলা ও মহানগরে দৈনিক প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে দৈনিক পাওয়া যাচ্ছে ৩০ কোটি ঘনফুট, যা চাহিদার প্রায় অর্ধেক।