ভাসমান পেয়ারা বাজারে মার্কিন রাষ্ট্রদূত

দুই দিনের সফরে বরিশালে এসে ঝালকাঠির ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছোট নৌকায় চড়ে ভাসমান বাজার পরিদর্শনের পাশাপাশি তিনি পেয়ারা বাগানে গিয়ে চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সড়কপথে বরিশাল থেকে ঝালকাঠির ভিমরুলিতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি ভাসমান পেয়ারা বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পরে একটি ছোট নৌকায় চড়ে বাজারের ভাসমান পেয়ারা বিক্রির দৃশ্য দেখেন তিনি।

এরপর ট্রলারে করে সফরসঙ্গীদের নিয়ে একটি পেয়ারা বাগানে যান ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সেখানে পেয়ারা চাষ, উৎপাদন ও স্থানীয় কৃষকদের বিষয়ে চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টা ভিমরুলি এলাকায় অবস্থানের পর বহর নিয়ে বরিশালে ফিরে যান মার্কিন রাষ্ট্রদূত।

পাঠকের মন্তব্য