বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর রেকর্ড

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর লিওনেল মেসির মনের ক্ষত এখনও সারেনি। তবে সমবেদনা জানিয়ে ও সান্ত্বনা দিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও সমবেদনা জানিয়েছেন ইনস্টাগ্রামে।

রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক অনেক ভালোবাসা লিও। শক্ত থেকো।’ মেসি এক আবেগঘন পোস্ট দেওয়ার পর সেখানে এমন কমেন্ট করেন পর্তুগিজ উইঙ্গার। তার এই হৃদয়স্পর্শী কমেন্ট এখন পর্যন্ত ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পেয়েছে, লাইকের সংখ্যা প্রায় ৬৫ লাখ।

মাত্র তিন দিনেই অর্ধ কোটি ছাড়িয়েছে লাইকের সংখ্যা। এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপে এটাই  সর্বোচ্চ লাইক পাওয়া রিপ্লাই। কাকতালীয়ভাবে, আগের সর্বোচ্চ লাইক পাওয়া কমেন্টও ছিল রোনালদো। যখন রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপের ট্রান্সফার সম্পন্ন হয়েছিল তখন ফরাসি স্ট্রাইকারকে অভিনন্দ জানিয়ে পোস্ট করেছিলেন। ২০২৫ সালের শেষ দিকে সেই কমেন্টে লাইক ৬০ লাখ ছাড়ায়।

এর আগে বুধবার আর্জেন্টাইন সুপারস্টার তার বাবাকে শ্রদ্ধা জানিয়ে এক আবেগঘন পোস্ট দেন, ‘বাবা, তোমার চলে যাওয়াটা এখনও বিশ্বাস করতে পারছি না। বাস্তবতাটা এখনও বুঝে উঠতে পারছি না। আসলে আমি এটা মানতে চাইছি না। তোমাকে আর দেখতে পাব না, আমাদের আর কখনো কথা হবে না, এটা কল্পনা করাও আমার জন্য খুব কঠিন। আমি জানি তুমি কষ্টে ছিলে এবং এটাই তোমার জন্য হয়তো ভালো হয়েছে, কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে আরও কত কিছু উপভোগ করার বাকি ছিল।’

বাবার অনুরোধেই উত্তর আমেরিকা বিশ্বকাপে অংশ নিয়েছেন জানিয়ে মেসি লেখেন, ‘তুমি আমাকে শেষ বিশ্বকাপটা খেলার জন্য কত অনুরোধ করেছিলে! আর টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক কয়েক দিন আগেই তোমার শরীর সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল। মা আমাকে বলছিলেন যে তুমি সুস্থ হয়ে উঠবে এবং খেলা দেখতে আসার মতো ভালো হয়ে যাবে। আমিও তোমাকে বলতাম, আমরা ফাইনালে উঠবই যাতে তুমি আসার সুযোগ পাও।’

প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পর আমি তোমার বার্তার অপেক্ষায় থাকতাম আর তোমাকে খুব মিস করতাম। তখনই বুঝতে পেরেছিলাম যে পরিস্থিতি কতটা কঠিন ছিল। তা সত্ত্বেও, আমি শুধু যতটা সম্ভব দূর পর্যন্ত যাওয়ার কথা ভাবতাম, যাতে তোমাকে কিছুটা সময় দেওয়া যায় আর তুমি এসে অন্তত একটা ম্যাচ দেখতে পারো। আমরা ফাইনালে পৌঁছালাম, কিন্তু তুমি আসতে পারলে না। আমি কাপটা জিততে চেয়েছিলাম, যাতে তোমার কাছে নিয়ে গিয়ে নতুন একটা ট্রফি দেখাতে পারি। কিন্তু পারলাম না।’

বিশ্বকাপ শেষ করে বাবার সঙ্গে দেখা হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘আমি যখন ফিরে এলাম, তুমি ভেবেছিলে আমরা পেনাল্টিতে ফাইনাল হেরে গেছি। যা কিছু ঘটেছিল, তা নিয়ে আমরা একটা কথাও বলতে পারলাম না। তুমি কিছুই উপভোগ করতে পারলে না। আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি ঠিকই, তবে আমরা প্রতিটি ম্যাচ কতটা উপভোগ করেছি তা তুমি জানতে পারলে না। আবারও তুমিই ঠিক প্রমাণিত হলে—আমার সেখানে যাওয়া এবং খেলাটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’

তিনি আরও লেখেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব জানি না, কীভাবে সামনে এগোবো বুঝতে পারছি না। আমি তো শুধু ফুটবলটাই খেলতে জানতাম, আর এখন আমার নিজের মনেই বড় সংশয় জাগছে যে আমি আর কতদিন খেলাটা চালিয়ে যেতে পারব। শুরু থেকেই তো তুমি আমার পাশে ছিলে, একদম শেষ মুহূর্তের তো আর অল্প একটু বাকি ছিল। আর কিছুটা সময় কেন ধৈর্য ধরে থাকলে না বাবা? তাহলে তো আমরা একসাথেই শেষটা করতে পারতাম!’

নিজের বাবাকে সেরা বন্ধু জানিয়ে মেসি লেখেন, ‘তুমি একাধারে আমার বাবা, সেরা বন্ধু এবং প্রতিনিধি ছিলে। প্রতিটি মুহূর্তে যেভাবে পাশে থাকা দরকার, তুমি ঠিক সেভাবেই থাকতে—কখনো কোনো ভুল করোনি। টুকটাক অভিমান বা ঝগড়া সত্ত্বেও দিনশেষে সবসময় তুমিই ঠিক প্রমাণিত হতে। সবশেষে তুমি যেভাবে বলতে, ঠিক সেটাই ঘটত।’

‘তোমাকে অনেক অনেক মিস করব বাবা, তবে তুমি সবসময় আমাদের মাঝে থাকবে। তোমরা আমাকে যেভাবে বড় করেছ, আমিও আমার সন্তানদের সেভাবেই শিক্ষা দিচ্ছি। শান্তিতে ঘুমাও বাবা, আর ওপর থেকে আমাদের সেভাবেই আগলে রেখো, যেমনটা এখানে থাকতে করতে। সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ।’

‘তোমাকে অনেক ভালোবাসি, বাবা।’

এই পোস্টের নিচেই রোনালদো কমেন্ট করেন। যা নতুন করে রেকর্ড ভাঙল।

পাঠকের মন্তব্য