প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ই-ট্রেড ফর উইমেন’ অ্যাডভোকেট হলেন শেয়ারট্রিপের সাদিয়া হক
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৭ অগাস্ট, ২০২৬
শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হককে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) মহাসচিব ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়ার "ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট" হিসেবে নিয়োগ দিয়েছেন। এই দায়িত্বে নিয়োগ পাওয়া তিনিই প্রথম বাংলাদেশি।
'ই-ট্রেড ফর উইমেন' উদ্যোগের আওতায় বিশ্বজুড়ে অল্প কয়েকজন নারী ব্যবসায়ী নেতাকে বাছাই করা হয়, যাঁরা ডিজিটাল উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করেন। এই দায়িত্বে সাদিয়া হক দক্ষিণ এশিয়ার নারী-নেতৃত্বাধীন ডিজিটাল ব্যবসার প্রতিনিধিত্ব করবেন নীতিনির্ধারণী সংলাপে, পাশাপাশি নেতৃত্ব দেবেন আঞ্চলিক মাস্টারক্লাস ও কমিউনিটি কর্মসূচির।
জেনেভায় UNCTAD-এর অনুষ্ঠানে সেপ্টেম্বরে তাঁর এই নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে কেনিয়া, মিশর, কলম্বিয়া, মালয়েশিয়া, সেনেগাল, নাইজেরিয়া, ফিলিপাইন ও ভারত থেকে অ্যাডভোকেট নিয়োগ দেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে সাদিয়া হক বলেন, "দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতি যখন নারী উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে, ঠিক এই সময়ে এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। নিজের অভিজ্ঞতা থেকে জানি, একটি প্রযুক্তি ব্যবসা গড়ে তুলতে শুধু ভালো আইডিয়াই যথেষ্ট নয় — প্রয়োজন নেটওয়ার্ক, পুঁজি, জ্ঞান এবং এমন একটি ইকোসিস্টেম, যা নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়। আমি আশা করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের অঞ্চলের নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরতে পারব এবং যারা পরে আসবেন, তাদের পথ কিছুটা সহজ করে দিতে পারব।"
সাদিয়া হক কাশেফ রহমানের সঙ্গে যৌথভাবে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে প্ল্যাটফর্মটি বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো এয়ার টিকিটের স্বয়ংক্রিয় রিফান্ড, তারিখ পরিবর্তন ও বাতিলের সুবিধা চালু করে এবং দেশের সবচেয়ে বড় ডোমেস্টিক হোটেল ও রিসোর্ট ইনভেন্টরি গড়ে তোলে, যার মাধ্যমে শত শত স্থানীয় প্রতিষ্ঠান প্রথমবারের মতো অনলাইনে যুক্ত হয়। শেয়ারট্রিপ ট্রাভেল খাতে দেশের প্রথম সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায় এবং ২০১৮ সাল থেকে টানা ছয় বছর ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসও অর্জন করেছে।
এছাড়া, সাদিয়া হকের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২৩ সালে ফিলিপ কটলার অ্যাওয়ার্ডসের 'উইমেন লিডার অব দ্য ইয়ার', ২০২৪ সালে 'আইসিটি উইম্যান অব দ্য ইয়ার' এবং ২০২৫ সালে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসে 'আউটস্ট্যান্ডিং উইম্যান ইন বিজনেস' স্বীকৃতি।