কৃষি ও খাদ্য নিরাপত্তায় ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৬ অগাস্ট, ২০২৬
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অর্থনীতির সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট ডিপার্টমেন্টের পরিচালক-২ এ কে এম সাইদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন মোহাম্মদ খায়রুল আলম, এফসিএ এবং হেড অব এগ্রি শরীফ হাসান মামুন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট বিভাগের যুগ্ম-পরিচালক-২ মোঃ সাখাওয়াত হোসেন এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে আরও বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ পাবে। বিশেষ করে কৃষকদের জন্য সহজ ও সুলভ অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের কার্যক্রম আরও জোরদার হবে।
বাংলাদেশের কৃষিখাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এ খাতের উন্নয়নে অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, উদ্যোক্তা ও কৃষকদের অর্থায়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার পাশাপাশি কৃষিখাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে।