ইবিএল এমপ্লয়ীদের উন্নত স্বাস্থ্যসেবায় আইসিডিডিআর,বি-এর সঙ্গে সমঝোতা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২০ অগাস্ট, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) বিশ্বের অন্যতম শীর্ষ স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর ফলে ইবিএল এমপ্লয়ী এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
চুক্তির আওতায় ইবিএল এমপ্লয়ী, তাদের জীবনসঙ্গী ও পরিবারের নির্ভরশীল সদস্যরা আইসিডিডিআর,বি-এর মহাখালী, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরে অবস্থিত আধুনিক এক্সিকিউটিভ হেলথ চেক ক্লিনিকগুলোতে সেবা গ্রহণ করতে পারবেন। আইসিডিডিআর,বি-এর উন্নত স্বাস্থ্যসেবা অবকাঠামোর মাধ্যমে কর্মীরা সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা পাবেন। এই উদ্যোগ এমপ্লয়ীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ইবিএল আশা করছে।
১৯৯০ সালে যাত্রা শুরু করা আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সার্ভিসেস বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আইএসও ১৫১৮৯ ও আইএসও ১৫১৯০ স্বীকৃতি অর্জন করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১৭৭টি পরীক্ষার ক্ষেত্রে এই আন্তর্জাতিক মান বজায় রেখে সেবা প্রদান করছে।
অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস বিভাগ প্রধান ড. মো. ফজলুল কবির বলেন, বাংলাদেশে সামাজিক উন্নয়নে ইবিএল দীর্ঘদিনের একটি প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার। দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্কের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকের অধীনে আইসিডিডিআর,বি-এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডায়াগনস্টিক ল্যাবরেটরিগুলোতে রেফারেল সেবার একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা তৈরি হবে, যা নির্ভরযোগ্য ও সঠিক মেডিকেল পরীক্ষার সুযোগ নিশ্চিত করবে।
ইবিএল মানবসম্পদ বিভাগ প্রধান রাহাত আফরোজ বলেন, কর্মীদের সুস্থতা নিশ্চিত করা ইবিএলের অন্যতম অগ্রাধিকার। এই অংশীদারিত্ব একটি সুস্থ, নিরাপদ ও প্রোডাক্টিভ কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি ব্যাংকের অঙ্গীকারেরই প্রতিফলন।
আইসিডিডিআর,বি-এর ফান্ড ডেভেলপমেন্ট অফিসের প্রধান আরমানা আহমেদ, বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স-এর সিনিয়র ম্যানেজার মো. শাহরিয়ার বিন এলাহী এবং ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর লায়লা ফারজানা; ইবিএল ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান জিয়াউল করিম, বিজনেস ইনফরমেশন সিস্টেমস বিভাগ প্রধান মো. মাস্কুর রেজা এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।