বিদেশে চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা দিতে প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে ইউসিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া ইউসিবির কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য, অগ্রাধিকারপ্রাপ্ত ব্যাংকিং গ্রাহক এবং ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা দিতে শীর্ষস্থানীয় মেডিকেল ট্যুরিজম সেবাদাতা প্রতিষ্ঠান প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এই অংশীদারত্বের ফলে যারা এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, তারা নিদির্ষ্ট সেবার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও অতিরিক্ত সুবিধা পাবেন।

সমঝোতার আওতায় ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাওয়া যোগ্য সেবাগ্রহীতারা বিমানবন্দর থেকে যাতায়াতসহ আরো অন্যান্য সুবিধা পাবেন। হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ক্ষেত্রেও থাকবে বিশেষ রেট, যার ফলে প্রচলিত মূল্যের তুলনায় প্রায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত খরচ কমতে পারে। এছাড়া ভারত, থাইল্যান্ড ও চীনের ভিসা প্রক্রিয়াকরণে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধাও থাকছে।

থাইল্যান্ডের মেডিকেল ভিসা অগ্রাধিকারের ভিত্তিতে প্রক্রিয়াকরণের সুবিধা পাবেন এই সেবাগ্রহীতারা। সাধারণত ১০ থেকে ১২ কর্মদিবস সময় লাগলেও অগ্রাধিকারের ভিত্তিতে সেবা পাওয়ায় তা কমে ৩ থেকে ৫ কর্মদিবসে নেমে আসবে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য চিকিৎসা ব্যয়ের প্রাক্কলন এবং আমন্ত্রণপত্রের ব্যবস্থা করা হবে। একাধিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর মধ্যে সমন্বয় ও প্রয়োজনীয় ব্যবস্থাপনাতেও সহায়তা দেওয়া হবে।

সুবিধাগুলো নিতে যোগ্য সেবাগ্রহীতাদের ইউসিবির ডেবিট/ক্রেডিট/প্রেস্টিজ কার্ড, ভিজিটিং কার্ড অথবা আইডি কার্ড দেখাতে হবে।

সম্প্রতি ইউসিবির কর্পোরেট প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন চিফ হিউম্যান রিসার্চ অফিসার সৈয়দ হাসনাইন মামুন। প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈকত ভদ্র এবং ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নীলা। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সহায়তা আরও সহজলভ্য করার পাশাপাশি চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ইউসিবি।

পাঠকের মন্তব্য